ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে: নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। জেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ জানুয়ারি) নগরীর বিএসবিএল কমপ্লেক্সে ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি।নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ আর্থিক লেনদেনের কোনো অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।


বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের বিভিন্ন প্রার্থীরা অংশ নেন। মেয়র পদে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার উপস্থিত থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরি কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে প্রতিনিধি পাঠান।


মতবিনিময় সভায় কিছু কিছু প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের হুমকি প্রদান ও কালো টাকা ছাড়ানোর অভিযোগ তুলে সুষ্ঠু ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান। পাশাপাশি ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রার্থীদের জন্য কতটা নিরাপদ সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তারা।


এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর তৎপরতার কথাও তুলে ধরেন তারা।


মতবিনিময় সভার শেষে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরও কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রার্থীদের সব আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। জাল ভোট দেওয়ার চেষ্টা না করে ভোটারদের ওপর নির্ভর করতে আহ্বান জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑